পেটের তীব্র ব্যথা নিয়ে এক ভদ্রলোক গেছেন শহরের এক ডাক্তারের কাছে। ডাক্তার অনেকক্ষণ দেখে এবং পরীক্ষা করে লোকটিকে জানালেন, তার অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা হয়েছে। অ্যাপেনডিক্স অপারেশন করতে হবে।
ডাক্তারের কথা শুনে কেমন যেন একটা খটকা লাগল ভদ্রলোকের। তাই তিনি বিষয়টা নিশ্চিত হতে পাশের শহরের এক ডাক্তারের কাছে গেলেন। এবারের এই ডাক্তার তাকে পরীক্ষা করে জানালেন ওসব অ্যাপেনডিক্স ফ্যাপেনডিক্স কিছু নয়। তার আসলে গলব্লাডারে পাথর জমেছে এবং সেটা থেকেই যত সমস্যা।
দু’জনের এই দু’ধরনের বক্তব্য শুনে ভদ্রলোক বাড়িতে গিয়ে অনেকক্ষণ বিষয়টা নিয়ে ভাবলেন। তারপর সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম ডাক্তারের কাছেই অপারেশন করাবেন। আর এর কারণ জানতে চাইলে তিনি বললেন, ‘অ্যাপেনডিক্স অপারেশনের খরচ যে গল ব্লাডার অপারেশনের চেয়ে অনেক কম!’
অমৃতসর থেকে দিল্লি যাওয়ার জন্য এক সর্দারজি এসেছেন ট্রেন স্টেশনে। কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে একটা একটা করে মোট সাতটি কাউন্টারের মাথা পর্যন্ত গেলেন সর্দার। তবে টিকিট কাটলেন না কোনোটা থেকেই। এভাবে আট নম্বর কাউন্টারে তাকে ফের লাইনে দাঁড়াতে দেখে আর কৌতূহল সামলাতে পারলেন না স্টেশনের এক নিরাপত্তারক্ষী। তিনি সর্দারজির এ ধরনের আচরণের কারণ জানতে চাইলে সর্দার বললেন, ‘কী কাণ্ড দেখুন, পাশাপাশি সাতজন কাউন্টার দিয়ে বসেছেন, অথচ সবাই একই দাম চাইছেন। দেখি আট নম্বর এই কাউন্টারে একটু কমে টিকিট পাওয়া যায় কি না!’
ক্রেতা :দেখ সবজি যদি খারাপ হয় তাহলে কিন্তু রান্না করা হলেও সবজি তোমার দোকানে এনে ফিরিয়ে দিয়ে যাব।
বিক্রেতা :ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। তবে রান্না করা সবজি যদি দিয়েই যেতে হয় তাহলে সাথে করে দু-একটা রুটিও আনবেন প্লিজ।
