চাই বিশ্বাসযোগ্য নির্বাচন

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২১:২৪
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হলেই হবে না, নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। প্রধান দলগুলোর অংশগ্রহণে নির্বাচন হতে হবে প্রতিযোগিতামূলক, গ্রহণযোগ্য ও অর্থবহ, যার মাধ্যমে আমাদের নেতৃত্বের গুণগতমানে ইতিবাচক পরিবর্তন ঘটবে এবং দেশে সুশাসন ও সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এখনো কোনো সমঝোতা হচ্ছে না। প্রধান দুটি জোট হার্ডলাইনে অনড় থাকলে ১/১১-র মতো আবার অগণতান্ত্রিক শক্তির ক্ষমতা গ্রহণের পথ প্রশস্ত হবে, যা সরকার ও বিরোধীদল কারো জন্যই মঙ্গলজনক হবে না। একদিকে সরকার প্রধানের অধীনে জাতীয় নির্বাচন হতে হবে। অন্যদিকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অটল প্রধান বিরোধীদল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। তবে জনগণের আবেদন হচ্ছে— আর যাই হোক শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। তা না হলে দেশের রাজনীতিতে আবার অনিশ্চয়তার সৃষ্টি হবে। সৈয়দ সাইফুল করিম মিরপুর ১, ঢাকা ১২১৬