লোকসভা নির্বাচনে তারকা প্রার্থীরা

আপডেট : ১৯ মে ২০১৯, ২২:২৮

 

বক্স অফিস কিংম্বা ক্রিকেট মাঠ থেকে ব্যালট বাক্স। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দারুণ এক ফর্মুলা দেখিয়েছেন। রূপালি পর্দার তারকারা দিনের পর দিন বক্স অফিস কাঁপিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। তাদের একনজর দেখার জন্য মানুষ মরিয়া। মমতা এই সুযোগ কাজে লাগিয়ে গত লোকসভা নির্বাচনে ব্যাপকহারে সিনেমার নায়ক-নায়িকাদের মনোনয়ন দেন। এই উদ্যোগের সফলতাও পান তিনি। এবারো পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রার্থী হয়েছেন বেশ কয়েকজন তারকা।

এবার সবচেয়ে বেশি তারকা প্রার্থী রয়েছে পশ্চিমবঙ্গে। নতুন-পুরনো মুখ মিলিয়ে শুধু তৃণমূল থেকেই মনোনয়ন পেয়েছেন ৫ টালিউডি অভিনেতা-অভিনেত্রী। জয়ের বিষয়ে বেশ আশাবাদীও তারা। অন্য রাজ্যগুলোতে বিজেপি, কংগ্রেস ও স্বতন্ত্র পদেও প্রার্থী হয়েছেন বলিউড এবং দক্ষিণী সিনেমার অনেক শিল্পী। সিলভার স্ক্রিন কাঁপানোর পর এবার রাজনীতির মাঠে দুই টালিউড অভিনেত্রী মিমি চৌধুরী আর নুসরাত জাহান। মমতা ব্যানার্জির দুই অস্ত্রের মধ্যে নুসরাত লড়ছেন সাম্প্রদায়িক স্পর্শকাতর বশিরহাট আর মিমি রয়েছেন যাদবপুর আসনে।

রাজনীতির ধারা বলছে, তারকা প্রার্থীরা ভোট টানতে পটু। যার প্রমাণ গত লোকসভা নির্বাচন। মমতার তৃণমূল কংগ্রেসকে ঘাঁটালে জয় এনে দেন টালিউডের হার্টথ্রব দেব। আসানসোলের বাকুরায় জায়ান্ট কিলার হিসেবে আবির্ভূত হন মুনমুন সেন। প্রথমবার নির্বাচনি লড়াইয়ে নেমেই হারিয়ে দেন ৯ বারের সিপিএম এমপি বাসুদেবকে। এবার এই আসনে মুনমুনের প্রতিদ্বন্দ্বী বিজেপির আরেক তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়। আর পশ্চিমবঙ্গের বীরভূম আসনে তৃণমূলের হয়ে লড়ছেন শতাব্দী রায়। বিজেপির তারকা মনোনয়নে এবার নতুন সংযোজন লকেট চৌধুরী। সাবেক তৃণমূল কর্মী হলেও গুরুত্বপূর্ণ হুগলি আসনে বিজেপির প্রার্থী এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী। আর উলবেরিয়ায় লড়ছেন অভিনেতা জয় ব্যানার্জি।

বলিউড তারকাদের মধ্যে এবারও নির্বাচনি মাঠে ড্রিমগার্ল হেমা মালিনী। বিজেপির টিকিটে মথুরা আসনে লড়ছেন তিনি। আরো রয়েছেন ধর্মেন্দ্র, কিরন খের এবং শত্রুঘ্ন সিনহা। সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া সাবেক সমাজবাদী পার্টি নেত্রী জয়া প্রদা রামপুর থেকে লড়ছেন। তারকা মনোনয়নে পিছিয়ে নেই কংগ্রেস। মুম্বাইয়ের উত্তর লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী রঙ্গিলা অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার। বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে তার বিপরীতে লড়ছেন গোপাল শেঠি। দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশে কংগ্রেসের ভরসা সুপারস্টার চিরঞ্জীবের ভাই পবন কল্যাণ। ক্রিকেটারদের মধ্যে কিরতি আজাদ কংগ্রেসের হয়ে লড়বেন দারবাংগা আসনে। তেলেঙ্গানায় একই দলের প্রার্থী ভারতীয় সাবেক ক্রিকেট সুপারস্টার মোহাম্মদ আজহার উদ্দিন। মূলধারার এসব দলের বাইরে তামিলনাড়ুর একটি স্থানীয় দলের হয়ে জ্বলন্ত মশাল প্রতীকে লড়ছেন শক্তিমান অভিনেতা কমল হাসান। এখন এসব প্রার্থী সংশ্লিষ্ট দলগুলোকে কতটুকু সফলতা এনে দিতে পারবেন সেটা দেখার বিষয়।