প্রধান বিচারপতির বাসার সামনে ককটেল ফাটাতে গিয়ে যুবক আহত

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২১:৫৩
রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসার সামনে ককটেল ছুঁড়তে গিয়ে মারাত্মক আহত হয়েছে সুমন (১৮) নামে এক হরতাল সমর্থক। তাকে পুলিশ পাহারায় ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। রমনা থানার সাব-ইন্সপেক্টর জহিরুল ইসলাম জানান, গতকাল রবিবার বেলা দুইটার দিকে সুমন কাকরাইল মসজিদ সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে প্রধান বিচারপতির বাসার সামনে বিস্ফোরণের উদ্দ্যেশে একটি ককটেল ছোঁড়ে। কিন্তু ককটেলটি তার হাতেই বিস্ফোরিত হয়। এতে তার হাত, পেট ও ডান পা ঝলসে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। আহত সুমন জানিয়েছে, তার বাড়ি ঝালকাঠিতে। সে কাকরাইল মসজিদ সংলগ্ন ফুটপাতের একটি খাবার দোকানে কাজ করে। এক ব্যক্তি ( তাকে সে মামা বলে ডাকে, নাম জানে না ) তাকে একটি ব্যাগ দিয়ে একজনের কাছে পাঠায়। আর ঐ ব্যাগ নিয়ে যাওয়ার সময়ই তা বিস্ফোরিত হয়। ককটেল বিস্ফোরণে ডিসিসির কর্মচারী আহতঃ গতকাল বিকালে খিলগাঁও এলাকায় ঢাকা সিটি কর্পোরেশনের (দক্ষিণ) কর্মচারী ( স্প্রেম্যান) আনোয়ার উদ্দিন (৪২) আহত হন। আহত আনোয়ার জানান, বিকালে তিনি অফিস চত্বরে ছিলেন। এ সময় ঐ স্থানে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তার বাম পায়ের গোড়ালি ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।