বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৪২তম শাহাদাত্ বার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাইতে পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি শাহাদাত্ বরণ করেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খর্দ খালিশপুর গ্রামে। বাবার নাম আক্কাস আলি মন্ডল। দীর্ঘ ৩৬ বছর পর ২০০৭ সালের ১০ ডিসেম্বর হামিদুর রহমানের দেহাবশেষ ভারত থেকে ফিরিয়ে এনে ঢাকার মিরপুরে বুদ্ধিজীবী গোরস্থনে পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে খালিশপুরের হামিদুর রহমান সরকারি কলেজ তার জীবনী নিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা:উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলা আওয়ামী লীগের পক্ষে হামিদুর রহমানের স্মৃতি সৌধে পুষ্প স্তবক অর্পণ করা হবে। এছাড়া হামিদুর রহমান বিজিবি সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা, সর্ব সাধারণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হামিদুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে।
