নিউইয়র্কে আবাসিক ভবনে শিশুসহ পাঁচ জনকে হত্যা

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২২:৫২
নিউইয়র্কের ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার ৫৭ স্ট্রিটের একটি আবাসিক ভবনে স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৫ জন খুন হয়েছে। নিউইয়র্কের পুলিশ বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে দেড় বছরের একটি শিশু রয়েছে। অন্যদের বয়স অনূর্ধ্ব ২০ বছর। পুলিশ নিহতদের নাম-পরিচয় প্রকাশ করেনি। নিহত পাঁচজন একই পরিবারের কিনা অথবা তাদের মধ্যে কী সম্পর্ক এ ব্যাপারেও পুলিশ কিছু প্রকাশ করেনি। নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জিম লং গণমাধ্যমকে জানিয়েছেন, সূত্রের মাধ্যমে খবর পেয়ে জরুরি উদ্ধারকারী কর্তৃপক্ষ একটি আবাসিক ভবনের একই স্থান থেকে তিনজনকে মৃত ও অপর দুইজনকে আশঙ্কাজনক আহত অবস্থায় উদ্ধার করে। আহত দু’জনকে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। ওই এলাকাটিতে স্প্যানিশ ও চীনা অভিবাসীদের বসবাস। এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ।