পাবনার চাটমোহরে গত শনিবার উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও বিএনপি নেতৃবৃন্দদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় নেতৃবৃন্দ বলেছেন, চাটমোহরে কোন দলীয় কোন্দল নেই। রাজনৈতিক কর্মসূচী পালন করতেই হবে। আমরা চাটমোহরকে অশান্ত করতে চাই না, শান্তিপূর্ণ সহঅবস্থানে থাকতে চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত চাটমোহরের সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সূচনা বক্তব্য রাখেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) আসাদুজ্জামান মুন্সি। আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. একেএম সামসুদ্দিন খবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান, বিএনপি নেতা আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা, পৌর মেয়র এইচ ইসলাম হীরা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, পৌর বিএনপির সভাপতি এএম জাকারিয়া, সাধারণ সম্পাদক মোঃ আরজ খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইদুর রহমান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন প্রমুখ।
