বাগদাদে ফের গাড়িবোমায় নিহত ৫০

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২২:৫৯
ইরাকের রাজধানী বাগদাদ ও এর আশেপাশের এলাকাগুলোতে ফের কয়েক দফা গাড়ি বোমা হামলায় ৫০ জন নিহত হয়েছে। গতকাল রবিবার এই হামলা চালানো হয়। খবর বিবিসির। বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকাগুলোর ব্যস্ত রাস্তায় পার্ক করে রাখা গাড়িতে বোমাগুলো রাখা ছিল। ৩০ মিনিট ধরে বোমাগুলো বিস্ফোরিত হয়। সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে শাব বাণিজ্যিক এলাকার পাশে। সেখানে দুইটি বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়। বাগাদাদের পুলিশ জানিয়েছে, গতকাল ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়। একটি সরকারি ব্যাংকের বাইরে এক আত্মঘাতী হামলাকারী গাড়ি চালিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়। সেখানে সেনারা বেতন নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল। এতে ১৪ জন নিহত হয়। এছাড়া, বাগদাদের ভেতরে এবং আশেপাশে সমন্বিত কয়েকটি বোমা হামলায় নিহত হয় আরো ৩৭ জন মানুষ। এর মধ্যে রাজধানীর দক্ষিণে নারাওয়ান শহরের ব্যস্ত বাজারের কাছে পরপর দুটো গাড়িবোমা হামলায় নিহত হয় ৭ জন। বালাদিয়াতে আরেকটি গাড়ি বোমা হামলায় নিহত হয় ৩ জন। হামলার দায় কেউ স্বীকার করেনি। চলতি মাসেই কয়েকশ’ মানুষ বোমা হামলায় নিহত হয়েছে।