পার্বতীপুর রেল স্টেশনে আয় বাড়লেও বাড়েনি সেবার মান

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২১:১৮
চলতি অর্থ বছরের গত ৩ মাসে রেল জংশন স্টেশন পার্বতীপুরে আন্তঃনগরসহ বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে ৮১ হাজার ৯৭৩ জন যাত্রী ভ্রমণ করেছেন। এসময় যাত্রী ভ্রমণ খাতে স্টেশনটিতে মোট আয় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ২১ হাজার ৫২৩ টাকা। উল্লেখিত গত ৩ মাসে গুডস, পার্শেলসহ অন্যান্য খাতে স্টেশনটিতে আয় হয়েছে ৪৭ লাখ ৩৭ হাজার ৮২ টাকা। তবে যাত্রী সেবার মান পূর্বের তুলনায় কমেছে। যাত্রীদের অভিযোগ রেলওয়ে কর্মরত একশ্রেণীর এটেনডেন্ট যাত্রী সেবার চেয়ে নিজের পকেটের সেবার দিকে বেশি নজর দিয়ে থাকে। এমনকি মাদকদ্রব্যসহ চোরাচালানি পণ্য পরিবহনেও তারা সহযোগিতা করেন বলে অভিযোগ রয়েছে। পার্বতীপুর রেল স্টেশন সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থ বছরের প্রথম ৩ মাসে এ রেল স্টেশন থেকে যাত্রী ভ্রমণ করেছিলেন ১ লাখ ৯ হাজার ৭৩৯ জন। এসময় যাত্রী ভ্রমণ খাতে আয় হয়েছিল ১ কোটি ২৩ লাখ ৪৫ হাজার ৩৩০ টাকা। ২০১২-১৩ অর্থ বছরের প্রথম ৩ মাসের চেয়ে ২০১৩-১৪ অর্থ বছরের প্রথম ৩ মাসে রেল স্টেশটিতে ২৭ হাজার ৭৬৬ যাত্রী কম ভ্রমণ করেছেন। তবে ২০১২ সালের ১ অক্টোবর থেকে রেলওয়ের ভাড়া দ্বিগুণ বৃদ্ধি করায় চলতি অর্থ বছরের জুলাই-আগস্ট ও সেপ্টেম্বর এ তিন মাসে ২৩ লাখ ৭৬ হাজার ১৯৩ টাকা আয় বৃদ্ধি পেয়েছে। এদিকে রেলে ভ্রমণকারী যাত্রীদের অভিযোগ ভাড়া বাড়িয়ে দ্বিগুণ করা হলেও যাত্রী সেবার মান আগের চেয়ে অনেক কমেছে। যাত্রীবাহী কোচের ছাদের পানির ট্যাংকের মধ্যে এখন মাদক পরিবহন হচ্ছে। ফলে কোচের টয়লেটে পানি না থাকায় যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। তাছাড়া বগির ভেতরে বৈদ্যুতিক আলো স্বল্পতা ও বৈদ্যুতিক পাখা ঠিকমত ঘোরে না। পার্বতীপুর রেল স্টেশন মাস্টার শেখ আব্দুল জব্বার জানান, গত ২০১২-১৩ অর্থ বছরে পার্বতীপুর রেল স্টেশনে যাত্রী ভ্রমণসহ অন্যান্য খাতে মোট আয় হয়েছে ৭ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ৮৪৮ টাকা।