নরসিংদীতে স্পিনিং মিলে, চট্টগ্রামে ফার্নিচার মার্কেটে আগুন

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২১:১৮
মাধবদী শহরের একটি স্পিনিং মিলে গত শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মিলের বিপুল পরিমাণ সম্পদ ভস্মীভূত হয়েছে। মাধবদী শহর বণিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের মালিকানাধীন দেশ স্পিনিং মিলটিতে কয়েকশ’ শ্রমিক কাজ করেন। গত শনিবার সন্ধ্যায় শ্রমিকদের দ্বিতীয় পালার কাজ শেষ হবার পর মিলটিতে হঠাত্ আগুন ধরে যায়। দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মিলে তৈরি সুতা, তুলা, যন্ত্রাংশ এবং মূল স্থাপনার বিশাল শেড পুড়ে ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে, তা জানা যায়নি। চট্টগ্রামে ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ড চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম মহানগরীর আসকারদীঘির পাড় এলাকায় ফার্নিচার মার্কেটে সৃষ্ট অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ১৩টি ফার্নিচারের দোকান ও ২টি বসত ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস জানায়, রবিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বন্ধ দোকানগুলোতে বিপুল পরিমাণ ফার্নিচার মজুদ ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ১১টি গাড়ি প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।