সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হচ্ছে আজ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২২:২২
‘সাদাছড়ি বাড়ায় নিরাপত্তা, দেখায় পথ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ দেশে পালিত হচ্ছে ‘বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০১৩’। প্রতিবছর অক্টোবর মাসের ১৫ তারিখ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়। কিন্তু এ বছর ঈদ-উল আযহার ছুটির কারণে আজ ২৯ অক্টোবর মঙ্গলবার দিবসটি অনুষ্ঠানিকভাবে পালিত হবে। সাদা ছড়ি বহনকারী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা বাড়ানোই এই দিবসটির লক্ষ্য। ‘করুণা নয়, চাই সহযোগিতা, সহমর্মিতা’ এই আহ্বানে একীভূত সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশের ৪০ লাখ দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে অংশগ্রহণের প্রয়াসে উদযাপিত হয় এই দিবসটি। এ উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং জাতীয় প্রতিবন্ধী ফোরামের যৌথ উদ্যোগে আজ বিকাল ৩টায় রাজধানীর বাংলাদেশ বেতার ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে গিয়ে শেষ হবে। এরপর অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাদাছড়ি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯৫১ সালের তত্কালীন মার্কিন রাষ্ট্রপতি স্যার আইজেন হাওয়ার্ড ১৫ অক্টোবর তার দেশে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন শুরু করেন। সেই থেকে ঐ দিনে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়ে আসছে। দেশে ১৯৭৪ সালে প্রথমবারের মতো জাতীয় অন্ধ সংস্থা সোভিয়েত ইউনিয়ন থেকে পাওয়া পাঁচ শতাধিক সাদা ছড়ি বিতরণের মাধ্যমে দিবসটি পালন শুরু হয়।