লক্ষ্মীপুরে যুবদল কর্মীর গুলিতে দলের আর এক কর্মী খুন

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২২:৪০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল রবিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলীতে সন্ত্রাসীদের গুলি ও দায়ের কোপে মোঃ নিজাম উদ্দিন (৩৫) নামের এক যুবদল কর্মী খুন হয়েছেন। তিনি সদর উপজেলার মান্দারী ইউনিয়ন যুবদলের সদস্য ও দক্ষিণ মান্দারী গ্রামের হাফিজ উদ্দিন ড্রাইভারের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার বিকালে সশস্ত্র অবস্থায় ১০ থেকে ১৫ জন যুবদল কর্মী নিজামকে নিজ বাড়ির পাশ থেকে উঠিয়ে নিয়ে যায়। পরে পাশের দিঘলী ইউনিয়নের পূর্ব দিঘলী গ্রামে নিয়ে গুলি করে এবং হাত-পা কেটে রাস্তায় ফেলে রাখে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নেয়ার পথে নোয়াখালী জেলার বজরা নামক স্থানে মারা যায় নিজাম উদ্দিন। লক্ষ্মীপুর সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।