সংলাপ দ্রুত শেষ হওয়া দরকার :নাসিম

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২২:৪১
হরতালের নামে বিরোধীদলের বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী এক নভেম্বর সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। গতকাল সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোট নেতৃবৃন্দের বৈঠক শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিরোধীদলীয় নেত্রী হরতালের নামে যে তাণ্ডব চালাচ্ছেন তার বিচার দেশের জনগণ আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে করবে। কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম দ্রুত সংলাপ শেষ করে নির্বাচনের ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১৪ দল মনে করে সংবিধানের আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা চূড়ান্ত করে দ্রুত নির্বাচনের প্রস্তুতি শুরু করা দরকার। কারণ বিএনপি-জামায়াত-হেফাজত সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে বোমাবাজি ও নৈরাজ্য করে যাচ্ছে। হরতাল শেষে ২৯ অক্টোবরের পর বিএনপি সংলাপে বসতে চাইলে তারা রাজি হবেন কিনা এমন প্রশ্নের জবাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, আমরা সব সময়ই রাজি। তবে উদ্যোগটা বিরোধীদলকে নিতে হবে। সাড়া দেয়ার দায়িত্ব বিরোধীদলের। তারা বলুক, কীভাবে আলোচনা করবেন। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।