হেফাজতে ইসলামের হুমকির একদিন পর বহুল আলোচিত ‘কওমী মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩’র খসড়া মন্ত্রিসভার এজেন্ডা থেকে প্রত্যাহার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে আলোচ্যসূচিতে থাকলেও এটি গতকাল সোমবারের মন্ত্রিসভার বৈঠকে ওঠেনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভুঁইয়া সাংবাদিকদের বলেন, কওমী মাদ্রাসা শিক্ষা আইনটি মন্ত্রিসভার বৈঠকের এজেন্ডা থেকে প্রত্যাহার করার অনুরোধ করে শিক্ষা মন্ত্রণালয়। আইনটি আরো ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় ফিরিয়ে নিয়েছে।
প্রসঙ্গত, পৃথক কারিকুলামে পাঁচটি বোর্ডের অধীনে কওমী মাদ্রাসাগুলো পরিচালিত হলেও এসব প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদের স্বীকৃতি নেই সরকারের। ফলে তারা প্রচলিত শিক্ষায় ডিগ্রিধারীদের মতো চাকরিতে আবেদনের সুযোগ পান না। শিক্ষা মন্ত্রণালয় জানায়, দেশে বর্তমানে প্রায় ২৫ হাজার কওমী মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কতো শিক্ষার্থী আছে তার সঠিক তথ্য নেই। এসব প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেয়া শিক্ষার্থীদের একটি অংশের দাবির মুখে সরকার কওমি শিক্ষা কমিশন গঠন করে তার সুপারিশের ভিত্তিতে একটি বোর্ড গঠনের উদ্যোগ নেয়। সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেন, কর্মজীবনে পিছিয়ে পড়া এসব শিক্ষার্থীদের সমান সুবিধা দিতে সরকার তাদের সনদের স্বীকৃতির জন্য এসব উদ্যোগ নেয়। গত রবিবার চট্টগ্রামে সাংবাদিক সম্মেলন করে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী হুমকি দিয়ে বলেন, কওমী শিক্ষা কর্তৃপক্ষ আইন পাস করা হলে লাখ লাখ লাশ পড়বে। তাদের যুক্তি, সরকার আইন পাস করে কওমী শিক্ষাকে নিয়ন্ত্রণ করতে চায়। আগামী ১ নভেম্বর সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় হেফাজত।
মোশাররফ হোসাইন ভুঁইয়া সাংবাদিকদের বলেন, খুলনায় দেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিধান রেখে ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৩’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিসভার বৈঠকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন-২০১৩’ এবং ‘বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন-২০১৩’ খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। গত ২ সেপ্টেম্বর এ দুটি আইনের নীতিগত অনুমোদন দেয়া হয়েছিল বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া সরকারকে চুক্তি বাতিলের ক্ষেত্রে অধিক ক্ষমতা দিয়ে ‘সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন-২০১৩’র খসড়া এবং একক কোন প্রকল্পে বরাদ্দের পরিমাণ ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে দুই কোটি টাকার বিধান রেখে ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন-২০১৩’র খসড়ারও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠক আর কতদিন চলবে তা প্রধানমন্ত্রী জানেন।
