মজীনা-পঙ্কজ শরণ ফের বৈঠক

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২২:৪৯
বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা নিরসনে বিদেশি কূটনীতিকদের তত্পরতা অব্যাহত রয়েছে। মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা ও ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন গতকাল সোমবার আবার একান্ত বৈঠক করেন। মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে গতকাল বিকালে অনুষ্ঠিত দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠকে আসন্ন নির্বাচন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার টেলিফোন আলাপ, দুই নেত্রীর মধ্যকার সম্ভাব্য সংলাপসহ সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হতে পারে বলে কূটনৈতিক সূত্র আভাস দিয়েছে। পঙ্কজ শরন ও ড্যান মজীনা গত সপ্তাহেও আরেক দফা একান্তে বৈঠক করেন। এরপর ড্যান মজীনা নয়াদিল্লীতে যান এবং সেখানে ভারত সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি এবং আঞ্চলিক ইস্যু বিশেষ করে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন। এই প্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রদূতের নয়াদিল্লী গমন ও ঢাকায় নানা বৈঠক, তত্পরতা খুবই তাত্পর্যপূর্ণ ও গুরুত্ব বহন করছে। আসন্ন নির্বাচনকালীন সরকার নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠাই এসব তত্পরতার উদ্দেশ্য। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্তে ড্যান মজীনা নয়াদিল্লী যান।