প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিবি-বাসদের বৈঠক আজ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২২:৫২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতৃবৃন্দ। নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক সঙ্কট নিরসনের পথ খুঁজতেই এ বৈঠক হচ্ছে বলে জানা গেছে। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেবেন। পরদিন বুধবার সন্ধ্যায় তারা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করবেন। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সঙ্গে গত শনিবার কথা বলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন তিনি। বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে জানাতেও অনুরোধ করেন। ফোন করে প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন। বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে বৈঠকের বিষয়ে সিপিবি সভাপতি বলেন, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগ করেছি। উনি বলেছেন, বুধবার বিরোধী দলীয় নেতার সঙ্গে আমাদের দেখা হবে। তবে তিনি সময় নিশ্চিত করেননি। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক ছাড়াও সিপিবি-বাসদ দেশব্যাপী গণসংযোগ ও প্রচারাভিযান জোরদার করেছে। আগামী ৩-৭ নভেম্বর সিপিবি-বাসদ এর কেন্দ্রীয় নেতারা সারাদেশ সফর করবেন এবং ৮ নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার কথা রয়েছে।