আমার প্রিয় স্কুল

মাগুরা প্রধান পাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ১৮:৩৪
আমার প্রিয় বিদ্যালয়টির নাম মাগুরা প্রধান পাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি জেলার অন্যতম আদর্শ প্রতিষ্ঠান। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান প্রধান। যার রক্তঘামে তিল তিল করে গড়ে উঠা মাগুরা প্রধান পাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়টিকে চেনে না জানেনা এমন লোক জেলাতে খুঁজে পাওয়া মুসকিল। জেলা শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিম দক্ষিণে অবস্থিত টাংগন নদীর তীরে অবস্থিত সবুজ-শ্যামলে ঘেরা পল্লী বাংলার গহ্বরে অবস্থিত বিদ্যালয়টি চতুরপার্শ্বেই গ্রামের পর গাঁম। জেলা শহর থেকে পশ্চিম দিকে পাকা রোডের দুই পার্শ্বের নয়ন জুড়িয়ে ফুটে থাকা শাপলা শালুকের মনোমুগ্ধকর গ্রাম যেন স্বর্গীয় আবেশে পরিপূর্ণ। গ্রাম অঞ্চলের অন্যতম এই প্রতিষ্ঠানটি এই অঞ্চলের আলোকিত মানুষ তৈরির কারখানা। মাগুরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিশাল এলাকা জুড়ে প্রতিষ্ঠানটি সাথে প্রাইমারী স্কুল সংযুক্ত। বিদ্যালয়ের উত্তর পাশ দিয়ে একটি কাঁচা রাস্তা সোজা পশ্চিমে করতোয়া নদীর উপর নির্মিত মহারানী বাঁধের সাথে সংযুক্ত হয়েছে। এই কাঁচা রাস্তা দিয়ে প্রকৃতি প্রেমিক শত শত মানুষ বিনোদনের জন্য স্কুলের পাশ দিয়ে যাতায়াত করে। বিদ্যালয়ের সম্মুখভাগে অবস্থিত বিশাল মাঠে প্রাইমারী এবং আমাদের স্কুলের ছেলে-মেয়েরা খেলাধূলা করে। প্রতিদিন বিকালে এলাকার সর্বস্তরের শিশু-কিশোররা এই মাঠে প্রাণ খুলে লাফালাফি, দৌড়াদৌড়ি খেলাধুলায় মত্ত থাকে। আমাদের বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি মেধাবিকাশে সকল ধরনের কর্মকান্ড পরিচালিত হয়। প্রতি বৃহস্পতিবারে আমাদের বিদ্যালয়ের নিজস্ব অডিটরিয়ামে বিতর্ক, নাচ, গান এবং সাহিত্য আসর পরিচালিত হয়। প্রতিদিন সমাবেশ ক্লাসের মধ্য দিয়ে প্রতিষ্ঠানে নিয়মিত কর্মকান্ড শুরু হয়। প্রায় ছয়শ’ ছেলে-মেয়ে নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানের আঠার জন শিক্ষক রয়েছে। শিক্ষকরা আমাদের নিজের সন্তানের মতো আদর-স্নেহ করে শিক্ষাদান করে থাকেন। প্রতিবছর এই বিদ্যালয়ের ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস অত্যন্ত মর্যাদা সহকারে পালিত হয়।