জলের ছবিরা মেলায় মিলেছে কেমনে একলা থাকি?
জলের তলের রঙিন মাছকে দেখে নেয় নানা পাখি।
বিল জুড়ে বক মাছরাঙা আর সারস করছে খেলা
বালক বালিকা উজিয়ে চলছে বেয়ে কলার ভেলা।
কিলবিল করে মাকে ঘিরে আছে শোল-গজারের পোনা
রঙিন জলজ রঙের বাহারে যায় কি তাদের গোনা?
চুঁচড়ো চেলা ও চিংড়ি-চাঁদা সাঁতার কাটছে জলে
রঙিন শাড়িতে পুঁটি মাছ যেন জ্বলে আগুনে জ্বলে।
ভেঁদা মাছের কাদা খাওয়া দেখে শিং মাছ ধরে জারি
টাবুরে নাও বেয়ে বেয়ে মাঝি গলা ছেড়ে গায় সারি।
পানকৌড়ি ও বেলেহাঁস বিলে জল উছলিয়ে চলে
জল ঘেরা ছবি জড়ো হলে মন হূদয় যায় গলে।
ঝরঝর ঝর জলের শব্দে ছবিরা জেগে ওঠে,
দুঃখ-ব্যথা ধুয়ে নিলে জল, সুখের ফুলটি ফোটে।
