চট্টগ্রামে যুবলীগ কর্মী খুন

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২২:৪০
নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় হুমায়ুন কবির মুরাদ (৩০) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১২টার দিকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার সময় তিনি হামলার শিকার হন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ রাত ২টায় আমবাগান এলাকা থেকে আফসারউদ্দিন রিয়াদ নামে এক যুবককে একটি পিস্তল ও একটি রিভলবারসহ আটক করেছে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা প্রথমে তাকে দুই রাউন্ড গুলি করে। মোটর সাইকেল থেকে পড়ে যাওয়ার পর তাকে কিরিচ দিয়ে কোপানো হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিত্সকরা মুরাদকে মৃত বলে জানায়। আটককৃত আফসারউদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার নগরীর খুলশী থানায় খুন ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, মুরাদের বিরুদ্ধে রেলওয়ের জমি দখলে জড়িত থাকার অভিযোগ রয়েছে। টাকার ভাগ বাটোয়ারা নিয়ে যুবলীগের অপর একটি অংশের সাথে বিরোধ চলছিল। বিরোধের জের ধরেই খুন হতে পারে মুরাদ।