মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের ইন্টেলিজেন্স কমিটি দেশের গোয়েন্দা নজরদারি কার্যক্রমের বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। কমিটির চেয়ার ডায়ান ফিনস্টিন বন্ধু দেশের নেতৃবৃন্দের মোবাইল ফোনে আড়িপাতা ভুল ছিল বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, হোয়াইট হাউস তাকে বলেছে, এ ধরনের নজরদারির বন্ধ করা হবে।’ খবর এএফপির।
সর্বশেষ স্পেন গণহারে ফোনে আড়িপাতার ঘটনার নিন্দা জানাতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের মতো বিশ্বনেতাসহ ইউরোপের লাখ লাখ সাধারণ নাগরিকের টেলিফোন ও অনলাইন যোগাযোগ ডাটার ওপর গোয়েন্দা নজরদারি চালানোর অভিযোগের প্রেক্ষাপটে এ ঘোষণা দেয়া হলো। সিনেটর ডায়ান ফিনস্টিন ন্যাশলাল সিকিউরিটি এজেন্সির কার্যক্রমের বিস্তার সম্পর্কে তার কমিটির আইন প্রণেতাদের ব্রিফ করা হয়নি উল্লেখ করে গোয়েন্দা কার্যক্রমের বড় ধরনের পুনর্বিন্যাসের ঘোষণা দেন। তিনি বলেন, এটি আমার কাছে অত্যন্ত পরিস্কার যে, এক দশকেরও বেশি সময় ধরে কিছু কিছু গোয়েন্দা কার্যক্রম চালু রয়েছে কিন্তু সিনেট ইন্টেলিজেন্স কমিটিকে তা সন্তোষজনকভাবে অবহিত করা হয়নি। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশের সঙ্গে বৈরিতায় জড়িয়ে না পড়ার বা জরুরি প্রয়োজন দেখা না দিলে আমি বিশ্বাস করি না যে যুক্তরাষ্ট্রের মিত্রদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের মোবাইল ফোন কল ও ই-মেইলের তথ্য সংগ্রহ করা উচিত হবে।
