পাকিস্তানে বন্দুকধারীর গুলি, এক পরিবারের সাত সদস্য নিহত

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২২:৪০
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মঙ্গলবার ভোরে বন্দুকধারীরা সরকারপন্থী এক উপজাতীয় নেতার বাড়িতে ঢুকে তাকে ও তার পরিবারের ছয়জনকে গুলি হত্যা করেছে। সরকারি কর্মকর্তারা জানান, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার সাড়ে ৪শ’ কিলোমিটার দক্ষিণ-পূর্বে দেরা বাগতি জেলায় এ ঘটনা ঘটেছে। খবর এএফপির। সূত্র জানায়, বন্দুকধারীরা ভোরে দোধা খানের বাড়িতে ঢুকে গুলি করে তাকে, তার স্ত্রী, পুত্র, পুত্রবধু ও তিন নাতিকে হত্যা করে। ১২ জনের বেশি হামলাকারী এ নারকীয় হত্যাযজ্ঞে অংশ নেয়। অস্ত্রধারীরা গাড়িতে করে এসে দোধা খানের পরিবারের সদস্যদের গুলি করে পালিয়ে যায়। পরিবারের এক নারী সদস্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও তিনি গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেউ এখন পর্যন্ত এ হত্যার দায়িত্ব স্বীকার করেনি।