বাংলায় প্রবাদ আছে, অতি লোভে তাতী নষ্ট। কেনিয়ার কয়েক সেনা সদস্যের ক্ষেত্রে তাই-ই ঘটেছে। লোভ করতে গিয়ে নিজেদের চাকরিটাই হারালেন। ভোগ করছেন কারাদণ্ডও। কেনিয়ার সেনাপ্রধান গতকাল জানিয়েছেন, ওয়েস্টগেট শপিংমলে দায়িত্ব পালনের সময় চুরির অভিযোগে দুই সেনা সদস্যকে বরখাস্ত করা হয়েছে এবং কারাদণ্ডও দেয়া হয়েছে। তৃতীয়জনের বিষয়ে তদন্ত চলছে। আমও গেল, ছালাও গেল! গত মাসে শপিং মলে আল-শাবাব জঙ্গি গোষ্ঠী আক্রমণ করে এবং অনেককে জিম্মি করে। এতে ৬৭ জনের বেশি নিহত হয়। জঙ্গিদের জিম্মি নাটকের অবসান ঘটাতে সরকার সেনাবাহিনীকে পাঠায়। শপিংমলের সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন সেনাসদস্য দায়িত্ব পালন না করে কয়েকটি দোকান থেকে জিনিসপত্র চুরি করছেন। সমপ্রতি এই তথ্য প্রকাশ হওয়ার সমালোচনা ঝড় ওঠে। সেনাবাহিনী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছিল। -বিবিসি
