গাজীপুরে সংঘর্ষ মেয়র-পুলিশসহ আহত ৩৫

আপডেট : ২৯ অক্টোবর ২০১৩, ২২:৫১
গাজীপুর জেলা শহরের শিববাড়ি মোড় এলাকায় গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ও বিএনপি-জামায়াতের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান ও দুই কাউন্সিলরসহ অন্তত ৩০ জন আহত হন। হাতবোমার আঘাতে এক এসআইসহ ৫ পুলিশ সদস্যও আহত হন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এসে একটি সভা করে। পরে সেখান থেকে মেয়র অধ্যাপক এম এ মান্নানের নেতৃত্বে মিছিলটি শিববাড়ি রাইডার স্ট্যান্ড এলাকায় পৌঁছলে পেছনের দিকে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে জয়দেবপুর থানার এসআই আনোয়ার হোসেনসহ ৫ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করলে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ বেধে যায়। পুলিশ ৩০-৩৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের লাঠিচার্জে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা হাসান আজমল ভুঁইয়া, ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল আলম, জেলা বিএনপি’র মহিলা দলনেত্রী দীপা চৌধুরী, জামায়াত নেতা আব্দুল মান্নান ও কামরুজ্জামান, যুবদল নেতা বশির আহমেদ বাচ্চু এবং চা দোকানী অহিদসহ অন্তত ৩০ জন আহত হন। পুলিশের ধাওয়া খেয়ে মাটিতে পড়ে গিয়ে মেয়র মান্নান আহত হন। তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, মিছিল থেকে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে ভাংচুরের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে পাঁচ পুলিশ আহত হন।