বজ্রপাতে ভাই-বোন, মা ছেলেসহ ৬ জনের মৃত্যু

আপডেট : ২০ মে ২০১৯, ০০:৩৬

বজ্রপাতে গতকাল রবিবার ছয় জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কক্সবাজারের রামুতে রোহিঙ্গা ক্যাম্পে বজ্রাঘাতে ভাইবোন ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মা-ছেলের মৃত্যু হয়েছে। ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

কক্সবাজার ও রামু: গতকাল রামু ও উখিয়ার শরণার্থী ক্যাম্পে বজ্রাঘাতে তিনজনের মৃত্যু ও পাঁচজন আহত হয়েছেন। এরা হলো রামুর খুনিয়াপালং কালাপাড়ার মৌলভী নুরুল ইসলামের মেয়ে ফাতেমা বেগম (১৬) ও ছেলে মুহাম্মদ আকরাম (২) এবং উখিয়ায় কুতুপালং শরণার্থী ক্যাম্প-৫ এর চাঁদমিয়া ছড়া এলাকার আবদুস শুক্কুর (৫৩)। আহতরা হলেন মৌলভী নুরুল ইসলামের দুই স্ত্রী আম্বিয়া খাতুন ও মায়েদা বেগম, মেয়ে উম্মে তাহেদিয়া (৪) প্রমুখ। রামু থানার ওসি আবুল মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা: গতকাল বজ্রপাতে ইসানুর খাঁ (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের বাগদাড়ী গ্রামে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি: মাটিরাঙ্গা উপজেলায় বজ্রপাতে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে বড়নাল ইউনিয়নের করিম মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওই এলাকার আব্দুল খালেকের স্ত্রী আয়শা খাতুন (৫৫) ও তার ছেলে আবুল মমিন (২২)। সেহরির পর তারা ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। একই সময় উপজেলার বেলছড়ি ইউনিয়নে বজ্রপাতে রাবিয়া খাতুন (৫৫) নামে এক নারী মারা গেছেন।