মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা-জাফরগঞ্জ সড়কে নিহালপুর গ্রামে প্রায় ২শ’ মিটার পাকা রাস্তা যমুনায় বিলীন হওয়ার উপক্রম হয়েছে। টেকসই মেরামতের অভাবে এ সড়কের ভাঙ্গন কবলিত অর্ধেক অংশ কয়েক দফা ভেঙ্গে গেছে। ভুক্তভোগীরা জানান, এ গ্রামের নিহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আরিচা ১নং ফেরিঘাট পর্যন্ত এ সড়কের প্রায় ৩শ’ মিটার রাস্তা যমুনার ভাঙ্গনের মুখে পড়ে। প্রতি বছর বর্ষা মওসুমে যমুনার পানি কুল ছাপিয়ে যাওয়ায় রাস্তা ভাঙ্গনের শিকার হয়। এ সড়কযোগে শিবালয়, তেওতা, উথলী, জিয়নপুর, খলসি, বাঁচামারা, বাঘুটিয়া, চরকাটারি ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার মানুষ যাতায়াত করে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা জানান, গুরুত্বপূর্ণ এ সড়কের মেরামতের উদ্দেশ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে।
