‘উইল ইউ মেরি মি?’ ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটানো এই বাক্যটুকু বলার জন্য কালে কালে কত হূদয়েরই না রক্তক্ষরণ হয়েছে। কতজনই না রাতের পর রাত বিনিদ্র থেকেছেন কী করে প্রিয়তমকে এই কথাটি জানাবেন বলে। আবার নানা সময়ে বেলুনে উড়ে, সাগরতলে ডুব দিয়ে কিংবা আরও নানা পাগলামির আশ্রয় নিয়ে বিয়ের প্রস্তাব দিয়েও সংবাদ শিরোনাম হয়েছেন কেউ কেউ। বলা বাহুল্য, সম্প্রতি এমনই আরেক কাণ্ড করেই বিশ্বের বহু সংবাদমাধ্যমে মজার খবর হয়েছেন যুক্তরাজ্যের নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের আওতাধীন মেরিসাইড শহরের এক বাসিন্দা। অ্যালেক্স রিগবি নামের ২৭ বছর বয়সের এই বাসিন্দা তার দীর্ঘদিনের প্রেয়সী ডেবি প্রেস্টনকে (২৬) বিয়ের প্রস্তাব দিতে বেছে নিয়েছেন ডলফিনকে। ঘটনার বিবরণে জানা যায়, কিছুদিন আগে পারিবারিক একটি দাওয়াতে যোগ দিতেই রিগবি আর প্রেস্টন গিয়েছিলেন ফ্লোরিডাতে। প্রেস্টন যে ডলফিনের সাথে সাঁতার কাটার একটা তীব্র বাসনা মনের মাঝে লালন করেন সেটা বেশ ভালো করেই জানা ছিল তার প্রেমিক পুরুষ রিগবি’র। আর তাই রথ দেখার পাশাপাশি কলা বিক্রির মতো এক ঢিলে দুই পাখি মারার এই সুযোগটি হাতছাড়া করতে চাননি রিগবি। নির্ধারিত দিনেই ডলফিনের সাথে সাঁতার কাটার সুযোগ করে দিতে তিনি প্রেস্টনকে নিয়ে যান অরল্যান্ডোর ডিসকভারি কোভে। এখানে সাঁতার কাটতে নামার কিছুক্ষণের মাঝেই একটি ডলফিনকে মুখে করে একটি বয়া নিয়ে এগিয়ে আসতে দেখা যায় প্রেস্টনের দিকে। প্রথমটায় ডলফিনের এমনতর আচরণ দেখে খানিকটা ঘাবরেই গিয়েছিলেন প্রেস্টন। তবে তার ভুল ভাঙে সেই বয়ার গায়ে ‘ডেবি, উইল ইউ মেরি মি?’ লেখাটি দেখে। শুধু তাই নয়, ডেবি প্রেস্টনকে চমকের পর চমক উপহার দিতে বিচের পাশের একটি শুকনো স্থানে একটি আংটিও মাটিতে পুঁতে রেখেছিলেন রিগবি। এমনিতেই দীর্ঘদিনের জানাশোনার পর রিগবিকে ফিরিয়ে দেওয়ার কোনো কারণ ছিল না প্রেস্টনের। তবে এতসব চমক দেখে হ্যাঁ বলার কথাটাই যেন মুখ দিয়ে আনতে কষ্ট হচ্ছিল বিস্ময়ে অভিভূত প্রেস্টনের। কে জানে, এই সংবাদ যতক্ষণে পড়ছেন ততক্ষণে হয়তো বিয়ের দিন-তারিখও চূড়ান্ত করা হয়ে গেছে রিগবি-প্রেস্টনের!
