গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২১:২৫
গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ সরকারিকরণের দাবিতে শিক্ষক, শিক্ষার্থীরা গতকাল বুধবার সকালে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে মানব-বন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করে। এসময় সড়কের দুই পাশে কয়েকশ’ গাড়ি আটকা পড়ে। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। গতকাল সকাল সাড়ে দশটার দিকে কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষক-শিক্ষার্থীদের একটি মিছিল গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে পৌছে। পরে সেখানে বেলা এগারটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারা দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন শেষে মহাসড়ক অবরোধ করে। এ সময়ে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, অধ্যাপক আবু মুসা বিশ্বাস, অধ্যাপক আউয়াল আনোয়ার, অধ্যাপক সৌমেন দাস ভরত প্রমুখ। হরতাল শেষে বিভিন্ন জেলা ও অন্যান্য অঞ্চল থেকে ছেড়ে আসা শত শত যানবাহন অবরোধে আটকা পড়ে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঘোষের মাধ্যমে স্মারকলিপি দেয়া হয়। কলেজ অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বলেন, ১৯৯২ এবং ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনের সময় উপজেলা কোর্ট মাঠে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজকে সরকারিকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কলেজটি সরকারিকরণের লক্ষ্যে ২০১১ সালের ১০ জুলাই মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে যাবতীয় তথ্যাদি প্রেরণ করা হয়। আগামী ২ নভেম্বর এই উপজেলা সফরকালে প্রধানমন্ত্রী তার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ঐ কলেজটি সরকারিকরণের ঘোষণা দেবেন, এ আশায় বুক বেঁধে আছে এলাকাবাসী।