দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী বন বিভাগের মধ্যপাড়া রেঞ্জের প্রায় ছয় হাজার একর বনভূমির অর্ধেকই বেদখল হয়ে গেছে। সেখানে গড়ে উঠেছে গ্রাম, চলছে চাষাবাদ। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বনাঞ্চল ধ্বংস করে জমি দখল অব্যাহত রেখেছেন। মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা শিকদার মাহফুজুল ইসলাম জানান, মধ্যপাড়া রেঞ্জে বন বিভাগের তালিকা অনুযায়ী ইতিমধ্যে ভূমি জবরদখলের আড়াই হাজার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গত তিন বছরে প্রায় আড়াই ’শ মামলা করা হয়েছে।
দিনাজপুর বন বিভাগের বন মামলা পরিচালক দিলীপ কুমার পাল বলেন, বনের জায়গা দখল সংক্রান্ত প্রায় ৭০০ মামলা এখন চলছে। তবে সাক্ষ্যপ্রমাণের অভাবে বন বিভাগের বেশিরভাগ মামলায় সরকারের পক্ষে রায় পাওয়া যায় না।
বন বিভাগ সূত্র জানায়, মধ্যপাড়া রেঞ্জের অধীন চারটি বিটে মোট বনভূমির পরিমাণ প্রায় পাঁচ হাজার ৮২৫ একর। এর মধ্যে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বিটে দুই হাজার ২৬ একর ও ভবানীপুর বিটে ৮১৪ একর এবং নবাবগঞ্জ উপজেলার কুশদহ বিটে এক হাজার ১৭৮ একর ও আফতাবগঞ্জ বিটে এক হাজার ৮০৭ একর বনভূমি রয়েছে।
স্থানীয় সূত্র ও বন বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, মধ্যপাড়া রেঞ্জের পাঁচ হাজার ৮২৫ একর বনভূমির মধ্যে দুই হাজার ৮০৮ একর ইতিমধ্যে বেদখল হয়ে গেছে।
