চট্টগ্রামের বোয়ালখালী ও নওগাঁর পোরশায় হিন্দু ধর্মাবলম্বীদের শ্যামাপূজা উপলক্ষে নিমার্ণাধীন প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। আগামী শনিবার শ্যামাপূজা উপলক্ষে প্রতিমাগুলো নির্মাণ করা হয়েছিল।
চট্টগ্রাম অফিস জানায়, সোমবার গভীর রাতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরায় নিমার্ণাধীন প্রতিমা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শিব, কালী, রামকৃষ্ণ ও সারদা দেবীর ৪টি প্রতিমা ভাংচুরের ঘটনায় বোয়ালখালী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সজল চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক অপু কুমার বৈদ্য তীব্র নিন্দা জানিয়েছেন।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার নোচনাহার মহা-শ্মশান কালি মন্দিরে শ্যামাপূজার জন্য তৈরি করা ৪টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
