নাগরিক ভোগান্তি লাঘবে সকালে আবর্জনা পরিষ্কার করবে না চসিক

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২২:২৩
অফিসগামী জনসাধারণ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে এখন থেকে সকাল বেলা পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ রাখবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালের পরিবর্তে এ কার্যক্রম চলবে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত। তবে পরিচ্ছন্নতা কার্যক্রমের দ্বিতীয় শিফট যথারীতি দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। আগামীকাল শুক্রবার থেকে নতুন নিয়মে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪০তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মেয়র এম মনজুর আলম সভায় সভাপতিত্ব করেন। জানা গেছে, চট্টগ্রাম মহানগরীতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ইতিমধ্যে ১৯টি ড্রাম ট্রাক ক্রয় করেছে চসিক। এ মাসে আরো ৪টি কন্টেইনার মুভার আবর্জনা অপসারণের এই কার্যক্রমে যুক্ত হচ্ছে। আবর্জনাবাহী এ সমস্ত গাড়ি যুক্ত হলে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এ ব্যাপারে মেয়র এম মনজুর আলম বলেন, নগরীর প্রত্যেক কর্মমুখী মানুষই আশা করে সকালে তার গন্তব্যের উদ্দেশে যাত্রাটা যেন নির্ঝঞ্জাট ও পরিচ্ছন্ন হয়। নগরবাসীর এই আকাঙ্ক্ষাকে উপলব্ধি করে নগরীকে ‘হেলদি সিটি’ হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগে নেয়া হয়েছে। তিনি এই কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।