আজ ১৪ রমজান। রমজান মাস সিয়ামের মাস। সিয়ামের জন্য এই মাসকে খাস্ করে দিয়েছেন। এ মাসের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এতে কোনো ইবাদত করলে তার সওয়াব বহুগুণে বৃদ্ধি হয়ে যায়। শুধু তাই নয় মৃত্যুর পর কবরে দাফন করে লোকজন চলে গেলে কবরে ‘আজাবের ফেরেশতারা যখন আসে তখন কবরবাসীর মাথার দিক থেকে সিয়াম এবং পায়ের দিক থেকে সালাত (নামাজ) তাকে আজাব থেকে রক্ষা করবে।
হাদীস শরীফে আছে: সায়িমের জন্য দুটো সময়খুবই আনন্দের তার একটি হচ্ছে ইফতারের সময় আর অন্যটি হচ্ছে আখিরাতে যখন সে আল্লাহ্র দিদার লাভ করবে।
আল্লাহ জাল্লাহ শানুহু ইরশাদ করেন: আমি তোমাদের মধ্য হতে তোমাদের নিকট রসূল পাঠিয়েছি, যিনি আমার আয়াতসমূহ তোমাদের নিকট তিলাওয়াত করেন, তোমাদেরকে পবিত্র করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন আর তোমরা যা জানতে না তা শিক্ষা দেন। সুতরাং তোমরা আমারই যিক্র করো আমি তোমাদের স্মরণ করবো, তোমরা আমার প্রতিকৃতজ্ঞ হও আর কৃতঘ্ন হয়ো না। (সূরা বাকারা : আয়াত ১৫১-১৫২)। এর পরেই আল্লাহ্ জাল্লাহ শানুহু ইরশাদ করেন : ওহে তোমরা যারা ঈমান এনেছো। ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ্ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। (সূরা বাকারা : আয়াত ১৫৩)।
