এগিয়ে যাওয়ার পালা আজ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২২:৪৭
২০১০ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের অক্টোবর; তিন বছরে ইতিমধ্যে ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর মধ্যে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে। বাকি পাঁচটিই টানা জিতেছে বাংলাদেশ! এখন নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশকে স্বর্ণযুগের অস্ট্রেলিয়া বলে মনে হলেও অযৌক্তিক কিছু হবে না! আর এই অপরাজেয় চেহারা নিয়েই আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলতি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। সেই সঙ্গে আরেকটি বাংলাওয়াশের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে থাকবে আজ বাংলাদেশ। সকাল সাড়ে নয়টা থেকে মিরপুরে শুরু হওয়া এই ম্যাচও যথারীতি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও গাজী টেলিভিশন। সিরিজ শুরুর আগে থেকেই বাংলাদেশ একটু হলেও এগিয়ে ছিল দু’ দলের শক্তি বিচারে। কিন্তু প্রথম ম্যাচের ঠিক আগের রাতে বাংলাদেশ বড় একটা ধাক্কা খায় দেশের সেরা ক্রিকেটার ও গত সিরিজ হোয়াইট ওয়াশের নায়ক সাকিব আল হাসানকে হারিয়ে। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে একরকম ছিটকেই গেছেন সিরিজ থেকে। এদিক থেকে নিউজিল্যান্ডও ঠিক একই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এমনিতেই দলটির প্রধান শক্তি সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে হারিয়ে তারা একটু দুর্বল হয়ে ছিল। সঙ্গে গত ম্যাচে ব্যাটিং করার আগেই চোট পেয়ে আঙুল ভেঙে সিরিজ থেকে ছিটকে গেছেন তাদের সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামস। ফলে আজ দু’ দলই তাদের সেরা পারফর্মারকে ছাড়াই আরও একটা ম্যাচ খেলতে নামবে। বাংলাদেশের দিক থেকে সেটা খুব বড় সমস্যা হচ্ছে না। কারণ ব্যাট হাতে মুশফিক, নাঈমরা ভালো ছন্দে ছিলেন প্রথম ম্যাচেই। টেস্টে দারুণ ফর্মে ছিলেন তামিম-মোমিনুল। ব্যাটিংয়ে সমস্যা শুধু উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গী এনামুল হক বিজয়ের ফর্মহীনতা। সাধারণ বিবেচনা বলে আজ হয়তো তার বিকল্প সন্ধান করবে বাংলাদেশ। কিন্তু সহঅধিনায়ক মাহমুদউল্লাহ গতকাল সাংবাদিকদের বলেছেন, তারা জয় পাওয়া একাদশ ভাঙার কথা বিবেচনা করছেন না। তবে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থায় আছে বোলিং নিয়ে। যদিও সাকিব না থাকায় বোলিংয়ের মেরুদণ্ডটা ভেঙে গেছে। তারপরও স্পিনার সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক বড় ভরসা হয়েছিলেন ওয়ানডে সিরিজ জয়ের ক্ষেত্রে। কিন্তু বিস্ময়করভাবে স্পিনাররা জ্বলে ওঠার আগেই পেসার রুবেল হোসেন দুরন্ত পারফর্ম করে প্রথম ম্যাচ জিতিয়েছেন; হ্যাটট্রিকসহ নিয়েছেন ৬ উইকেট। নিউজিল্যান্ডের দিক থেকে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন ইনফর্ম রস টেলর, গ্রান্ট এলিয়ট এবং অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। ফর্মের বাইরে থাকা অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও হয়ে উঠতে পারেন হঠাত্ বিপদের নাম। তবে সবকিছুকে জয় করে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত বাংলাদেশ।