চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া আগামী ১৫ নভেম্বরের মধ্যে জাতীয় বেতন স্কেলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘স্থায়ী পে কমিশন’ গঠন করা হবে। একই সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকের জন্য স্বতন্ত্র পে স্কেলও চূড়ান্ত করা হবে।
গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে নির্বাচনের জন্য ৪৫ দিন লাগবে। আমি এর সঙ্গে আরো পাঁচ দিন যোগ করে ৫০ দিন ধরে বলছি। ওই সময়ে সরকারের কার্যকরী ক্ষমতা কমে যাবে বলেও অর্থমন্ত্রী জানান।
তিনি বলেন, বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের সুপারিশ করতে ‘পে অ্যান্ড সার্ভিসেস কমিশন’ নামে আলাদা একটি কমিশন করা হবে। স্থায়ী পে কমিশনের চেয়ারম্যানই পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের প্রধান হবে। এ কমিশনের মেয়াদ হবে ছয় মাস। প্রয়োজনে মেয়াদ বাড়ানো যাবে।
