বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কয়েকদিন ধরে সংবাদকর্মী এবং সংবাদমাধ্যম অফিস রাজনৈতিক কর্মীদের আক্রমণের শিকার হওয়ায় সম্পাদক পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এক বিবৃতিতে বলা হয়, সব সময় সংবাদ মাধ্যমের গাড়ি চলাচল ও সাংবাদিকেরা ঘোষিতভাবেই হরতাল-অবরোধের আয়ওতামুক্ত। তা সত্ত্বেও গত পাঁচদিনে অন্তত ১৯ জন সাংবাদিক, ৪টি মিডিয়া অফিস এবং কয়েকটি সংবাদ মাধ্যমের গাড়ি আক্রান্ত হয়েছে। এছাড়াও দুইজন সাংবাদিকের বাসবভনের সামনে হামলা হয়েছে।
এ ধরনের রাজনৈতিক আচরণ সত্যিকারের অর্থেই অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে আমরা সংবাদকর্মীরা গভীরভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের ভুলে গেলে চলবে না যে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীন ও বলিষ্ঠ গণমাধ্যম ছাড়া পৃথিবীর কোথাও গণতন্ত্র টেকসই হতে পারে না।
বাংলাদেশের প্রধান গণমাধ্যমগুলো সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। স্বাধীন ও বলিষ্ঠ গণমাধ্যম বাংলাদেশের একটি গৌরবময় অর্জন। অনেক ত্যাগ ও ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এই অর্জন এসেছে। বাংলাদেশের জনগণ এবং আমরা সংবাদকর্মীরা কোনভাবেই এই অর্জনকে বিনষ্ট হতে দেব না।
এই অবস্থায় আমরা সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান করছি যেন তারা তাদের কর্মীদের সংবাদকর্মী ও সংবাদমাধ্যমের ওপর আক্রমণ করা থেকে বিরত করেন। একই সাথে আমরা সরকারের প্রতি অনুরোধ করছি যেন সরকার, সংবাদকর্মী ও সংবাদমাধ্যমের নিরাপত্তা প্রদান করেন।
