আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য জেলাগুলোর পুলিশ সুপারদের (এসপি) বিশেষ নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। টেলিফোনে এই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। একাধিক জেলার পুলিশ সুপার বলেছেন, আগামী নির্বাচন যেভাবেই হোক, যে দলই আসুক না কেন- নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরুহলে শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন শেষ করা যায় সেজন্য এই নির্দেশনা দেয়া হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ইত্তেফাককে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য এসপিদের বিশেষ নির্দেশনা দেয়ার প্রয়োজন নেই। কারণ প্রত্যেক এসপি’রই একাধিক নির্বাচনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি সামনে নির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করা যায় সে ব্যাপারে পুলিশ সুপারদের সঙ্গে নিয়মিতই কথা হয়। এটা কোন বিশেষ নির্দেশনা নয়। আর বর্তমান সরকারের আমলে ৬ হাজারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৬৪ হাজারের মতো জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনগুলোতে পুলিশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এর কোন নির্বাচন নিয়েই প্রশ্ন তোলার সুযোগ নেই। তাই ভবিষ্যতেও যে নির্বাচন অনুষ্ঠিত হবে পুলিশ বাহিনীর সদস্যরা অন্য বাহিনী ও সংস্থার সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণভাবেই শেষ করবে।
