ঝালকাঠিতে অস্ত্র মামলায় ১২ বছর সাজা পাওয়া কয়েদির মৃত্যু

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২২:৫০
জেলায় অস্ত্র মামলায় ১২ বছর সাজা পাওয়া মো. শাহজাহান হাওলাদার নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। হঠাত্ অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। হূদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তিনি জেলার রাজাপুর উপজেলার পালট গ্রামের মৃত আকবর হাওলাদারের ছেলে। জেলা জেলসুপার তৈয়েবুর রহমান বলেন, কয়েদি শাহজাহান গত মঙ্গলবার রাতে হঠাত্ বুকের ব্যথা অনুভব করে। তাকে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালের নেয়ার পর রাতে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে জেলার রাজাপুরের বড়ইয়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বাদী হয়ে রাজাপুর থানায় ২০০৪ সালে একটি অস্ত্র মামলা দায়ের করেন। দায়ের করা এ মামলায় জেলা জজ আদালত পলাতক আসামি হিসাবে তাকে ১২ বছরের সাজা দেয়। রাজাপুরের পালট গ্রামের বাড়ি থেকে গত ৪ আগস্ট তাকে গ্রেফতার করে পুলিশ। ময়না তদন্তের পর তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতের ছেলে খোকন হাওলাদার বলেন, আমার বাবা বৃদ্ধ ছিল। আমরা সঠিকভাবে বলতে পারছি না কি কারণে তার মৃত্যু হয়েছে। তবে তিনি অসুস্থ হওয়ার কথা আমরা জানতাম না।