যুক্তরাজ্যের লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকের এলডুইচ শাখার ২ একাউন্টে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের জমা করা ৬ কোটি টাকা জব্দের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. মোতাহার হোসেন গতকাল বুধবার এ নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি মো. রফিকুল হক বেনু আদালতে এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, যুক্তরাজ্যের লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকের এলডুইচ ব্যাঞ্চে আসামি মামুনের নামের ২টি হিসাবে ২ লাখ ৪ হাজার ৪৯৬ দশমিক ৬৯ পাউন্ড স্টারলিং (বাংলাদেশি টাকায় ৬ কোটি ১ লাখ ৫৭ হাজার ৭৬২ টাকা) জমা আছে। যা আসামি অবৈধভাবে অর্জন করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। আসামি যে কোন সময় ওই টাকা হস্তান্তর করতে পারে। তাই ব্যাংক হিসাব ২টি অবরুদ্ধের নির্দেশ দেয়া প্রয়োজন। উল্লেখ্য, দুদক গত বছরের ২৯ এপ্রিল আদালতে মামুনের বিরুদ্ধে এ অভিযোগপত্র দাখিল করে।
