গল্প নয় সত্যি

ডাঙ্গায় মাছ, পানিতে মানুষ!

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ১৯:৩৯
অনলাইন দুনিয়ায় কখন যে কোন বিষয়টি সাড়া ফেলবে তা আগে থেকে অনুমান করা বেশ কঠিন। তবে ব্যতিক্রমের প্রতি মানুষের যে চিরন্তন আকর্ষণ তার ব্যতিক্রম ঘটে না অনলাইন দুনিয়াতেও। আর এ কারণেই সে অর্থে সংবাদ হওয়ার যোগ্যতা না থাকলেও ব্যতিক্রমের উদাহরণ হয়েই মানুষের আকর্ষণ আর সংবাদ শিরোনাম হওয়ার সৌভাগ্য হয় কোনো কোনো ঘটনার। যেমনটি সম্প্রতি ঘটেছে অস্ট্রেলিয়ার কেয়ার্নস উপকূলে মাছ ধরতে যাওয়া তিন বন্ধুর বেলায়। ঘটনার দিন উপকূলের কাছাকাছি এলাকায় আর দশটা দিনের মতোই মাছ ধরার ট্রলার নিয়ে বেরিয়েছিলেন বিল ম্যাকডনেল ও তার দুই বন্ধু। নিজের চার্টার ট্রলারে করে মাছ ধরার এক পর্যায়ে বিলের বড়শিতে একটি বড় আকারের মার্লিন মাছ ধরা পড়ার পরেই বিপত্তির শুরু। মাছটি বড়শির টোপ গেলার কিছুক্ষণ পরেই সবাইকে অবাক করে দিয়ে লাফ দিয়ে ট্রলারে উঠে পড়ে। সেই সাথে চলতে থাকে লেজের অবিরাম আঘাত। আর এই ঘটনায় হতচকিত হয়ে সাথে সাথেই ট্রলার থেকে হাঙ্গর অধ্যুষিত সাগরের পানিতে লাফিয়ে পড়েন বিলের বন্ধু ও ট্রলারের ক্রু’দের একজন। যেখানে মাছের পানিতে থাকার কথা আর মানুষের থাকার কথা ট্রলারে সেখানে অভিনব ও বিপরীত এই দৃশ্য দেখে প্রথমটায় কী করা যাবে সেটাই যেন ভুলতে বসেছিলেন বিল ও ট্রলারে থাকা তার অপর বন্ধু। তা ছাড়া মার্লিন মাছটির লেজের ক্রমাগত ঝাপটার কারণে স্বাভাবিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়াটাও তখন কষ্টকর হয়ে পড়েছিল বিলের জন্য। তবে এ অঞ্চলে হাঙ্গরের উপস্থিতি এবং নানা সময়ে হাঙ্গরের আক্রমণের কথা মনে পড়তেই পানিতে লাফিয়ে পড়া অপর বন্ধুকে উঠিয়ে আনার চেষ্টা শুরু করেন তারা। ট্রলারের গতি কমিয়ে দিয়ে এ যাত্রায় বন্ধুকে উঠিয়েও আনতে সক্ষম হন তারা। তবে পরবর্তী সময়ে ট্রলারে লাগানো ক্যামেরাতে এই দৃশ্যের ভিডিও দেখার পর নিজেদের হাসি আর কিছুতেই থামাতে পারেননি বিল ও তার বন্ধুরা। এ ছাড়া ইন্টারনেটের ভিডিও শেয়ারিং সাইটের সুবাদে এই দৃশ্যটি হাসির খোরাক জুগিয়েছে প্রায় সাত লাখ দর্শককেও। একই সাথে এটি স্থান করে নিয়েছে একাধিক সামাজিক যোগাযোগের সাইট আর অনলাইন ফোরামেও।