কৃষকদের ধানের ন্যায্যমূল্য ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। এই দাবিতে সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও ইউনিয়ন পর্যায়ে হাটে-বাজারে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। গতকাল রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
আগামীকাল মঙ্গলবার সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে। আর বৃহস্পতিবার ইউনিয়ন পর্যায়ে হাট-বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করবেন দলটির নেতা-কর্মীরা। রিজভী বলেন, একদিকে চাল রপ্তানি অপরদিকে দেদার আমদানি করার এ ভানুমতির খেল বন্ধ করতে হবে। মধ্যস্থতাকারী সুবিধাভোগীদের কাছ থেকে ধান না কিনে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে।
