ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে নতুন করে সামপ্রদায়িক দাঙ্গায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতমাসে একজন মুসলিম নারীকে উত্ত্যক্ত করার ঘটনায় হিন্দু-মুসলিম দাঙ্গায় ৬০ জন নিহত ও বহু লোক আহত হয়। বুধবারের দাঙ্গা তারই ধারাবাহিকতার ফলে হয়েছে। এ ঘটনার পর আবারো পরিস্থিতি উত্তপ্ত হতে পারে এ আশঙ্কায় শত শত লোক অন্যত্র পালিয়ে গেছে। এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে অন্য একটি সূত্র জানায়, সেদিনের হামলার ঘটনার পর বিক্ষিপ্ত লোকজন ওইদিন সন্ধ্যায় বুথানা থানা ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্শ্ববর্তী জেলা থেকে বাড়তি পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।
