এ দেশের প্রকৌশল ডিপ্লোমা শিক্ষার কারিকুলাম, কোর্স ক্রেডিট ও সময়কাল বা স্কুলিং ইয়ার আন্তর্জাতিকমানের। কোর্স ক্রেডিট ও ক্যারিকুলাম অনুসারে প্রকৌশল শিক্ষার বিভিন্ন বিষয়সহ বিজ্ঞান, মানবিক ও কমার্সের বিভিন্ন বিষয়ের ওপর পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। এই ডিপ্লোমা কোর্সকে মোট আটটি পর্বে ভাগ করা হয়েছে। প্রতিটি পর্বে ১০০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে পরবর্তী পর্বে অধ্যয়নের সুযোগ পাওয়া যায়। তাই ডিপ্লোমা প্রকৌশলীগণ বিভিন্ন যন্ত্র বা টেকনিক্যাল পরিভাষা বা প্রকৌশল সামগ্রী ব্যাখ্যা, সংজ্ঞা বা নকুশা সম্বন্ধে যথেষ্ট জ্ঞান অর্জন করেন এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি বিজ্ঞানের ভাষায় প্রকৌশলীর সংজ্ঞায় উল্লেখ আছে— প্রাকৃতিক সম্পদ আহরণ করে ফিনিশ্ড প্রোডাক্ট বা ভোগ্যপণ্য হিসেবে রূপান্তরের কাজে নিয়োজিত কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিই হবেন প্রকৌশলী। দেশ বা বিদেশের বিভিন্ন কর্মক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীগণ দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত হয়ে থাকেন। তাদের কাজে উত্সাহদান এবং এই পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে ডিপ্লোমা প্রকৌশলীদের মর্যাদা অক্ষুণ্ন রাখাসহ পলিটেকনিক শিক্ষার মানোন্নয়ন করে সামাজিক মর্যাদা বৃদ্ধির জান্য কারিগরি শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মাইতুর রহমান রানা,
সিনিয়র শিক্ষক (টেকনিক্যাল),
মিঠাপুকুর মডেল উচ্চ বিদ্যালয়,
মিঠাপুকুর, রংপুর
