গাজীপুরের শ্রীপুরের ইন্দ্রপুর (বাঘের বাজার) এলাকায় ৩ হাজার ৬৯০ একর জায়গার উপর ২৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এশিয়ার সর্ববৃহত্ বঙ্গবন্ধু সাফারি পার্কটি উদ্বোধন করা হয়েছে। ২০১০ সালের জুনে এর কাজ শুরু হয়। পার্কটি থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড-এর আদলে করা হয়। মাস্টারপ্ল্যানের আলোকে ২০১৩ সালে সংশোধিত প্রকল্পে ২৬৩ কোটি টাকা অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার বিকালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভার আগে পার্কের উদ্বোধন করেন।
এখানে বাংলাদেশের বন ও প্রাণিবৈচিত্র্য সম্পর্কে ধারণা দেয়ার জন্য একটি আন্তর্জাতিক মানের প্রকৃতিবীক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এছাড়া তথ্য ও শিক্ষাকেন্দ্র, নেচারহিস্ট্রি মিউজিয়াম, পার্ক অফিস, বিশ্রামাগার, ডরমেটরি, বন্যপ্রাণী হাসপাতাল, কুমির পার্ক, লিজার্ড পার্ক, ফেন্সি ডাক গার্ডেন, ক্রাউন্ট ফিজেন্ট এভিয়ারী, প্যারট এভিয়ারী, ধনেশ পাখিশালা, ম্যাকাউ ল্যান্ড, মেরিন একোরিয়াম, অর্কিড হাউজ, প্রজাপতি বাগান, ক্লাইমেট হাউজ, ভালচার কর্ণার, জুলন্ত ব্রিজ, পর্যবেক্ষণ টাওয়ার, ফোয়ারা, বাঘ পর্যবেক্ষণ রেস্তোরাঁ, সিংহ পর্যবেক্ষণ রেস্তোরাঁ, কচ্ছপ প্রজনন কেন্দ্র চালু করা হয়েছে। আজ শুক্রবার থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেয়া হচ্ছে সাফারি পার্কটি।
