পাঁচ দিন ধরে বিকল হয়ে পড়ে থাকা ডেমু ট্রেনের ইঞ্জিন মেরামতের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার থেকে পার্বতীপুর-ঠাকুরগাঁও ও পার্বতীপুর-লালমনিরহাট রেলপথে ডেমু ট্রেন চলাচল শুরু হয়েছে। গত শুক্রবার ঐ দুই রেলপথে চলাচলকারি ডেমু ট্রেন দুইটির চারটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় পরদিন শনিবার থেকে ডেমু ট্রেন দুইটি চলাচল বন্ধ হয়ে যায়। পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা ও ডিজেল লোকোমোটিভ ওয়ার্কসপের প্রকৌশলীরা তাদের মেধা, অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর গত বুধবার বিকল হওয়া ১৩নং ডেমু ট্রেনের দুইটি ইঞ্জিন চালু করতে সক্ষম হলে গতকাল বৃহস্পতিবার থেকে পুনরায় ডেমু ট্রেন চলাচল শুরু করতে সিদ্ধান্ত নেন রেল কর্তৃপক্ষ।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক এস.এম মুরাদ বলেন, ডেমু ট্রেনের বিশেষায়িত ইঞ্জিনগুলো দেশীয় প্রকৌশলীদের দিয়ে মেরামত সম্ভব না হওয়ায় নির্মাতা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ প্রকৌশলীদের দিয়ে মেরামতের সিদ্ধান্ত নেয়া হয়। ক্রয় চুক্তির শর্তানুযায়ী পরবর্তী দুই বছর পর্যন্ত চীনা নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলীরা যাবতীয় সার্ভিসিং সুবিধা প্রদান করবেন।
পার্বতীপুর ডিজেল লোকোমোটিভ কারখানার ব্যবস্থাপক (কর্ম) জয়দুল ইসলাম বলেন, নির্মাতা চীনা প্রতিষ্ঠানের তিন সদস্যের বিশেষজ্ঞ প্রকৌশলী দল আসতে বিলম্ব হওয়ায় গত মঙ্গলবার ও বুধবার কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহীর তত্ত্বাবধানে কারখানার ঊর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী নাসির রেজওয়ান ও পার্বতীপুর ডিজেল সেডের ইনচার্জ কমল কৃষ্ণ গোস্বামী মেধা কাজে লাগিয়ে বিকল হওয়া ১৩নং ডেমু ট্রেনটির ইঞ্জিন মেরামত করেন। একইভাবে ১৪নং ট্রেনের ইঞ্জিন মেরামতের কাজ চলছে।
