বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, অশিক্ষা, কুশিক্ষা, নকল, প্রশ্নফাস ও দলীয় অযোগ্যদের শিক্ষক হিসাবে নিয়োগ দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করছে সরকার। একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সে জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়াই যথেষ্ট। অবৈধ সরকার সচেতনভাবে জাতির মেরুদন্ড ভেঙ্গে দিতে চাচ্ছে। গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
আবদুল মঈন খান বলেন, অনেকে মনে করেন, ইউরোপ-আমেরিকা-চীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি হওয়ার পেছনে আছে তাদের সম্পদ ও সমরাস্ত্র। কথাটি সঠিক নয়। বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আমেরিকা, ইউরোপ ও চীনে। কাজেই একটি জাতির উন্নতির সোপান যে একমাত্র শিক্ষা, সে কথা অস্বীকার করার উপায় নেই।
তিনি বলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে একসময় আমরা গর্ব করতাম, যে বিশ্ববিদ্যালয়কে সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দর্পণ হিসেবে বিবেচনা করা হয়, তার নাম এশিয়ার ৪১৭টি বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও নেই। বৈশ্বিক র্যাংকিংয়ে হাজারের মধ্যেও কেন নেই- সেটা আজ জাতির কাছে বড় প্রশ্ন।
