এগজিট পোল মানি না। বিভ্রান্তি ছড়াতে এটা করা হচ্ছে। বিজেপির তরফ থেকে এটা করা হয়েছে, যাতে বিরোধী জোটের যে ঐক্য প্রচেষ্টা চলছে তা যাতে দানা না বাঁধতে পারে। রবিবার বিভিন্ন এগজিট পোলের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর একথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বিভিন্ন সমীক্ষায় পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে ২৮ থেকে ১৭ আসন দেখানো হয়েছে। বেশিরভাগ সমীক্ষাতেই বিজেপি দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে বলে দেখানো হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩৪ আসন।
মমতা বলেছেন, ইভিএমে কারচুপি করার এবং বদলে ফেলার জন্য এটা করা হচ্ছে। যাতে ভোটকর্মীরা বিভ্রান্ত হয়ে পড়েন। আর সেই সুযোগে ইভিএম বদলে ফেলা সম্ভব হয়। তিনি বলেন, সব বিরোধী দলগুলোকে অনুরোধ করছি, ঐক্যবদ্ধ থাকুন। তাদের সঙ্গে এ নিয়ে আমার কথা হয়েছে।
