পথে-ঘাটে

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২২:৫৩
‘জামায়াত এখন বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী দল। তারা যখন যা ইচ্ছে তখন তাই করছে। রাস্তায় আগুন দিচ্ছে। গাড়ি ভাঙ্গছে। মানুষ খুন করছে। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। সব।’ শান্তিনগর মোড় থেকে সিদ্ধেশ্বরীর ভেতর দিয়ে রিক্সা যাচ্ছে মগবাজারের দিকে। ‘সোমবার থেকে আবার হরতাল।’ রিক্সার সহযাত্রীর স্বগতোক্তি। ‘রবিবারেও হরতাল হতে পারে। হরতাল না হলেও রাজধানীতে হরতালের মতই থাকবে। ওইদিন দুজনের রায়।’ কথোপকথনে যোগ দেন রিক্সাচালকও। তিনি বলতে শুরু করলেন, ‘জামাত এখন বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী দল। যদি তারা সব করতে পারে তবে তারাই সবচেয়ে শক্তিশালী হবে না কেন?’ প্রত্যেকটা শব্দ একেবারে শুদ্ধ উচ্চারণে অনর্গল বলে চললেন। ‘বিএনপি’র ডাকা হরতালে গাড়িতে আগুন-বলা হচ্ছে, করছে জামাত। রাস্তায় রাস্তায় বোমা-বলা হচ্ছে, জামাত। সারাদেশে সহিংস ঘটনা-বলা হচ্ছে, জামাত। সব করছে জামাত। তাহলে বিএনপি কোথায়? জামাত যদি সব করতে পারে তবে আওয়ামী লীগ কোথায় থাকে? আওয়ামী লীগ এতবড় দল, তারা কিছু করতে পারে না? তারা হরতাল ডেকে দিল আর রাস্তা ফাঁকা হয়ে গেল!’ একটু দম নিলেন। এরপর বিড়বিড় করে কি বললেন বোঝা গেল না। মুখে মাস্ক বাঁধা। ধুলা, ধোঁয়া থেকে যতটা বাঁচা যায়। এক হাত দিয়ে মাস্কটা সামান্য সরিয়ে ঠোঁট দুটো বের করলেন। মাস্কটা দুই কানে বেঁধে গলার কাছে ঝুলতে থাকলো। উনি আবার শুরু করলেন। ‘কমিউনিস্টরা আওয়ামী লীগকে খাবে। কমিউনিস্টদের বুদ্ধিতে চলছে তো। ওদের বুদ্ধিতে চললে বেশিদিন চলতে পারবে না। আওয়ামী পরে কমিউনিস্ট পার্টির মত দল হয়ে যাবে। আস্তে আস্তে সেদিকেই যাচ্ছে। একেবারে ছোট হয়ে যাবে। কোন ক্ষমতা থাকবে না। আর জামাত হবে শক্তিশালী। জামাতকে শক্তিশালী করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদের ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। -নির্বাচন কি হবে? রিক্সার সহযাত্রী উনার কাছে জানতে চাইলেন। - নির্বাচন হবে। নির্বাচন হবেই। পেছনে না ফিরেই উত্তর দিল চালক। - বিএনপি যদি না যায়? - বিএনপি না করলেও নির্বাচন হবে। একা একা নির্বাচন করবে। শুধু এরশাদকে নিয়ে নির্বাচন করবে। নিজেদের মধ্যে যে দলগুলো আছে সেসব দলকে নিয়ে নির্বাচন করবে। নির্বাচন একটা হবেই। রিক্সা চালাচ্ছেন আর নিজের মত বলেই চলেছেন। কিন্তু আর কথা বলার সুযোগ নেই। রাস্তা ফাঁকা। গন্তব্য তখন নাকের ডগায়। রিক্সার ভাড়া মেটাতে মেটাতে সহযাত্রী জানতে চাইলেন, আপনি কোন রাজনীতি করেন? - না। রাজনীতি করি না। - কাকে ভোট দিতেন? - আওয়ামী লীগকে ভোট দিতাম। কিন্তু এবার দেব না। - কাকে দেবেন? - সেটা এখনও জানি না। তবে আওয়ামী লীগকে দেব না। যারে বেশি ভালবাসি সে যদি ঠিকমত না থাকে তবে তার সাথে কিভাবে থাকা যায়? আর ভালবাসার মানুষের সাথে রাগ হলে সেটা মেটে না। জানেন তো?