সংবাদপত্র শিল্পের কাগজ আমদানিতে শুল্ক বিদ্যমান ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে। ইতিমধ্যে এনবিআরের এ সংক্রান্ত সার সংক্ষেপে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুমোদন করেছেন। আগামী সপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে আদেশ জারি করার কথা রয়েছে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সংবাদপত্রের আমদানি শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার বিষয়ে এর আগে এনবিআরকে একটি চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। ঐ চিঠিতে এ শিল্পের কাগজ আমদানি শুল্ক কমাতে এনবিআরকে করণীয় ঠিক করতে বলা হয়েছে। বর্তমানে সংবাদপত্র শিল্পের কাগজ আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে আনার জন্য তথ্য মন্ত্রণায়ের সুপারিশ রয়েছে। এর আগে মন্ত্রিসভা কমিটিও শুল্ক অর্ধেক কমানোর সুপারিশ করে।
চলতি বাজেটের আগে সংবাদপত্রের কাগজ আমদানির শুল্ক ছিল ৩ শতাংশ। গত বাজেট প্রস্তাবে এটি ২৫ শতাংশ করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরবর্তীতে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের দাবির প্রেক্ষিতে চূড়ান্ত বাজেটে এটি ১০ শতাংশে নামিয়ে আনা হয়। বর্তমানে সব মিলিয়ে এই কাগজ আমদানির ক্ষেত্রে ৩০ শতাংশ শুল্ক-কর পরিশোধ করতে হয়। এর মধ্যে ১০ শতাংশ শুল্ক ছাড়াও ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম কর (এআইটি) রয়েছে।
গত ১১ সেপ্টেম্বর সংবাদপত্রে কর্মরত কর্মীদের জন্য ৮ম মজুরি বোর্ড রোয়েদাদ ঘোষণা করে সরকার। এতে মজুরি ৭৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়া হয়। এটি বাস্তবায়ন করার জন্য নোয়াব আমদানি শুল্ক প্রত্যাহারসহ আরো কয়েকটি শর্ত দেয়। তাদের পক্ষ থেকে বলা হয়, অন্যথায় এ শিল্প সংকটের মুখে পড়বে।
