সচিবালয়ে লিফলেট পুলিশ জানে না

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২২:৫৪
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সরকার বিরোধী লিফলেট বিতারণ করা হয়েছে দেশ প্রেমিক সরকারি কর্মকতা-কর্মচারী বৃন্দ-এই নামে। গত বুধবার বিকালে এ লিফলেট বিতরণ করা হয়। এই লিফলেটে বলা হয়েছে, শেখ হাসিনা সরকার পাঁচ বছরে দেশকে মেধাশূন্য করে দুর্নীতি, হত্যা, গুম, হলমার্ক, শেয়ারবাজার লুট করে পদ্মা সেতুর স্বপ্ন ধবংস করে দেশকে গভীর খাদে নিমজ্জিত করে এখন ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রশাসন ধ্বংসকারী কোনো কোনো সচিব আখের গুছিয়ে পালিয়েছে, কেউ কেউ সপরিবারে আমেরিকায় পালিয়ে গেছেন। আরেকজন সচিব বিদেশে কোটি কোটি টাকা পাচার করে পালানোর জন্য তৈরি হচ্ছে। একজন সচিব সুড়ঙ্গ মুখে অবস্থান নিয়ে যাই যাই করছেন। অনেকেই পালানোর প্রস্তুতি নিয়ে রেখেছেন। যে কোনো সময় পালাবেন। এরা ছাড়াও দালাল, দুর্নীতিবাজ অনেকেই আমেরিকা, লন্ডন, কানাডা যাওয়ার ভিসা নিয়ে রেখেছেন, যে যেখানে আছেন সবাই এদের সতর্ক পর্যবেক্ষণে রাখুন; যাতে পালিয়ে যেতে না পারে। আবুলের চুরির জন্য রিমান্ডে যেয়ে জেলখাটে আমাদের চাকরিজীবী সচিব মোশারফ। আবুল হয় দেশ প্রেমিক । শেখ হাসিনার একজন উপদেষ্টা হলমার্কের মাধ্যমে লুটে নিয়েছেন রাষ্ট্রের চার হাজার কোটি টাকা। আর অর্থমন্ত্রী বলেন, এটা কোন টাকাই নয়। বিশেষজ্ঞদের অভিমত, ৩০৯ বছরেও এ ক্ষতি পোষানো যাবে না। অনেকে ভিওআইপির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছেন। লিফলেটে একজন প্রতিমন্ত্রীর নাম উল্লেখ করে বলা হয়েছে, বটতলার উকিল সিএমএম আদালতের জামিনের দালাল মামলা প্রত্যাহার, কাজী নিয়োগ, সাবরেজিষ্ট্রার নিয়োগ করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালানোর পথ খুঁজছেন। সচিবালয়ে তাকে চোখে চোখে রাখুন। সমপ্রতি পতন হওয়া একজন হাইব্রিড নেতা নিটোলের মাধ্যমে ৭শ’ কোটি টাকা ইতোমধ্যে কানাডায় পাচার করেছেন। বৌ-বাচ্চাদের কানাডায় পাঠিয়েছেন। নিজেও ভিসা, টিকেট রেডি রেখেছেন। তার এই সাধ পূর্ণ হবে না। তাকে পালাতে দেয়া হবে না। এই লিফলেটের ব্যাপারে জানতে চাওয়া হলে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কর্মকর্তারা এ ধরনের প্রচারপত্র সম্পর্কে অবহিত নন বলে জানান।