আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য বগুড়া-৬ উপনির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া এই আসনের নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সম্ভাবনা বেশি বলে জানা গেছে। বিএনপি যদি এই আসনে নির্বাচনে যায় তাহলে তাদের পছন্দ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মির্জা ফখরুল মান্নাকে এই প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। সে ক্ষেত্রে মান্নাকে শর্ত দেয়া হয়েছে বিএনপিতে যোগদানের। কিন্তু মান্না নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ফলে বিএনপি কাকে মনোনয়ন দেবে অথবা নির্বাচন আদৌ করবে কি না তা আগামী দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। দলের একজন সিনিয়র নেতা জানান, বগুড়া-৬ আসনটি বেগম খালেদা জিয়ার। তিনি সবসময় এই আসনে নির্বাচন করে বিজয়ী হয়ে আসছেন। এবার দণ্ডিত হওয়ার কারণে নির্বাচন করতে পারেননি। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। নির্বাচিত হওয়ার পর ৯০ কার্য দিবসের মধ্যে ফখরুল শপথ না নেয়ায় স্পিকার আসনটি শূন্য ঘোষণা করেন।
এ প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, আমি নাগরিক ঐক্যের আহ্বায়ক। আমি আমার দল ছাড়ব না। দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। এ অবস্থায় আমি নির্বাচন করতে চাই না। তবে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করার প্রস্তাব এলে আমি শরিক দলের প্রধানদের সঙ্গে আলোচনা করব। নির্বাচন করলে আগে নির্বাচন সুষ্ঠু হবে এমন গ্যারান্টি চাইব। না হয়, শুধু শুধু পাতানো নির্বাচনে গিয়ে কী লাভ।
এ দিকে, বিএনপি সংসদে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিতে পারে। এজন্য বেশ কয়েকজন নারী নেত্রী লবিংও করছেন। তাদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, রুমিন ফারহানা, নিপুন রায় চৌধুরী, শ্যামা ওবায়েদ ও আফরোজা আব্বাস।
