সোনাইমুড়িতে ছাত্রলীগের সঙ্গে গোলাগুলিতে ছাত্রদল নেতা নিহত

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২২:৫৬
জেলার সোনাইমুড়ি এলাকায় আমিশাপাড়ার ভদ্রগাঁও কাওমী মাদ্রসার সামনে গতকাল বৃহস্পতিবার স্থানীয় ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে গোলাগুলিতে পারভেজ আলম (১৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। এসময় ছাত্রলীগের তিন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়। আহতদেরকে জেলা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। নিহত পারভেজ পালপাড়া গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে ও খলিলুর রহমান কামিল মাদ্রাসার ছাত্র ও স্থানীয় ওয়ার্ড ছাত্রদল নেতা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত ছাত্রদল নেতা পারভেজ গতকাল আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ ক্যাম্পাসে আসলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর দুপুরে ভদ্রগাঁও কাওমী মাদ্রসার সামনে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এসময় গুলিবিদ্ধ যুবদল নেতা পারভেজকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমিশাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. খলিল এ হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, নিহত পারভেজ ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে মারা গেছে। থানার ওসি পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।